👁 472 Views

কালকিনিতে ভেজাল ও প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় প্রতিরোধে সচেতনতা সভা

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩ অনুযায়ী ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসি পরিচালনা, নকল-ভেজাল ও আনরেজিস্টার্ড ঔষধ এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় কালকিনি উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সভা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস জনস্বাস্থ্য সুরক্ষায় ঔষধ ও কসমেটিক্স আইনের কঠোর প্রয়োগ এবং ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানান।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) কালকিনি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় আইনের বিভিন্ন দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক নাহিন আল আলম।

বিসিডিএস কালকিনি উপজেলা শাখার সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাসুম রানার সঞ্চালনায় সভায় বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিডিএস জেলা শাখার সভাপতি আবু সালেহ মোহাম্মদ ইয়ামিন খান শামীম, সাবেক সিনিয়র সহ-সভাপতি এইচ. এম. আমিনুল ইসলাম ফোরকান, সিনিয়র সহ-সভাপতি সোহানুর রহমান শামীম, সহ-সভাপতি মো. মাঈনুল হাসান হান্নান এবং বিসিডিএস কালকিনি শাখার সিনিয়র সহ-সভাপতি এইচ. এম. এমদাদুল হক জুয়েল।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কনফিডেন্স অ্যাড্রেস পল্লী চিকিৎসক সোসাইটির মহাসচিব আবুল কাওসার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান তালুকদার, বিসিডিএস রাজৈর শাখার সভাপতি মো. নুরুল হক মিয়া এবং ডেন্টাল হেলথ সোসাইটির সভাপতি মো. আশরাফুল ইসলাম আকন। পাশাপাশি কালকিনি ও ডাসার উপজেলার ঔষধ ব্যবসায়ী, পল্লী চিকিৎসক ও স্থানীয় নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশ নেন।