👁 493 Views

ধামইরহাট আইডিয়াল মাদরাসার ত্রৈমাসিক পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

মোঃ আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে ধামইরহাট আইডিয়াল মাদরাসার ত্রৈমাসিক পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) মাদরাসার ডি.আই.এম. ক্যাম্পাস–২-এ এ সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র আল-কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম। তিনি স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। পরে বিগত সভার কার্যবিবরণী, গৃহীত সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করে সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।
সভায় পরিচালনা পর্ষদের সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারি আবু তাহের, ভাইস চেয়ারম্যান জাহিদুল আলম শাকিল ও রেজওয়ান হোসেন, ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ কোরবান আলী, অডিট ডিরেক্টর মোঃ ইলিয়াস হুসাইন, আইটি ডিরেক্টর আমিরুল মুমিনিন, অধ্যক্ষ মামুনুর রশীদ এবং প্রশাসনিক অ্যাডমিন মাওলানা আবু বক্কর সিদ্দিক।
সভায় মাদরাসার বর্তমান ব্যবস্থাপনা, ২০২৬ সালের সিলেবাসের কার্যকারিতা ও অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ২০২৭ শিক্ষাবর্ষের জন্য নতুন সিলেবাস প্রণয়ন, পর্যালোচনা ও অনুমোদনের বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া শিক্ষার গুণগত মান বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত সদস্যরা সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল সিদ্ধান্তের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ধামইরহাট আইডিয়াল মাদরাসা ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও আধুনিক জ্ঞানচর্চায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, পরিচালনা পর্ষদের কার্যকর উদ্যোগ ও সম্মিলিত সহযোগিতায় প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।