👁 180 Views

দীঘিনালায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

আরিফুল ইসলাম মহিন,পার্বত্য প্রতিনিধি:

মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে খাগড়াছড়ির দীঘিনালায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

শনিবার (২১ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা, আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে দীঘিনালা জোনের জোন কমান্ডার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে তাঁদের শারীরিক সুস্থতা ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেন। দেশের স্বাধীনতা অর্জনে তাঁদের অসামান্য অবদান ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ সময় উপস্থিত আমন্ত্রিত অতিথিদের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন জোন কমান্ডার। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন এবং তাঁদের গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মধ্য দিয়ে দীঘিনালায় সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।