
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ও রাতে জেলার কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ উপজেলার চেয়ারম্যান পোল এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন।
নিহতরা হলেন বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের জনকল্যাণ এলাকার আলমগীর চেয়ারম্যান বাড়ির মারুফ এবং আলাইয়ারপুর ইউনিয়নের মিয়াপুর গ্রামের হাসান মেম্বার বাড়ির ইমন। এ ঘটনায় অটোরিকশার চালক আহত হন।
অন্যদিকে, একই দিন সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট সাব-রেজিস্ট্রি অফিসের সামনে বালুবাহী ট্রলির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিনজন আহত হন।
নিহত মাইন উদ্দিন কবিরহাট উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। তিনি কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দৌলত রামদি গ্রামের আবদুল কাদেরের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর পৃথক সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।