
আশিকুর রহমান সবুজ, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে টাঙ্গাইল সদর থানার একটি অপহরণ মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ দুই আসামিকে ছিনতাইয়ের চেষ্টা চালায় তাদের সহযোগীরা। হামলায় শ্রীপুর ও টাঙ্গাইল সদর থানার দুই এসআইসহ পুলিশের ১১ জন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে এক নারীসহ চারজনকে আটক করেছে।
আজ রবিবার (১ মার্চ ২০২৬) সন্ধ্যায় শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা এলাকার ‘ইসমাইল মোড়’ নামক স্থানে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর থানার এসআই জাকারিয়া এবং শ্রীপুর থানার এসআই তাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি যৌথ দল ওই এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে অভিযানে যায়।
পুলিশ যখন আসামিকে গ্রেপ্তার করে হ্যান্ডকাফ পরায়, ঠিক তখনই আসামিপক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে শ্রীপুর থানার এসআই তাজুল ইসলাম, কনস্টেবল হাসানসহ পুলিশের মোট ১১ জন সদস্য শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। ধস্তাধস্তির একপর্যায়ে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই দুই আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে হামলাকারীরা।
ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানা থেকে পুলিশের অতিরিক্ত একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা এলাকায় ব্যাপক তল্লাশি ও সাঁড়াশি অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া আসামিদের পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয়। একই সাথে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
বর্তমানে ইসমাইল মোড় ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই চেষ্টার ঘটনায় নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।