
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় মাদক বিরোধী অভিযানে ১০টি ইয়াবা বড়িসহ আল আমিন (১৯) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার(২২নভেম্বর) রাতে বড়পই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আল আমিন উপজেলার গনেশপুর ইউপির সাতবাড়িয়া এলাকার সোহেল রানার ছেলে।
পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানে ঘটনার দিন গোপন খবরের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯ টায় মান্দা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বড়পই এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউপি’র বড়পই গ্রামস্থ প্রসাদপুর-চকগোপাল গামী জনৈক মামুন এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ১০টি ইয়াবা বড়িসহ উল্লেখিত আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবজাল হোসেন জানান, মাদক কারবারি আল আমিনের নিকট থেকে উদ্ধারকৃত ইয়াবা বড়ি উদ্ধারসহ আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা নথিভুক্ত করা হয়েছে।