
তালতলী (বরগুনা) প্রতিনিধি: একসময় স্বামীকে বাঁচানোর আশায় নিজের শেষ সম্বলটুকুও ব্যয় করেছিলেন শামসুন্নাহার বেগম। দিনের পর দিন অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য ছুটেছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। কিন্তু শেষ পর্যন্ত ক্যানসারের কাছে হার মানেন স্বামী আবদুল হালিম মুন্সি। গত বছরের ২৫ ডিসেম্বর পৃথিবী ছেড়ে চলে যান তিনি। স্বামীকে বাঁচাতে গিয়ে নিজের চিকিৎসার কথা ভাবারও সুযোগ পাননি শামসুন্নাহার। এখন সেই অবহেলিত অসুস্থতাই তাঁকে ঠেলে দিয়েছে চরম অনিশ্চয়তার মুখে।
বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা গ্রামের বাসিন্দা শামসুন্নাহার বেগম। স্বামীর মৃত্যুর পর তাঁর জীবনে নেমে এসেছে আরও কঠিন বাস্তবতা। নিজের শরীরের অবস্থাও দিন দিন খারাপ হচ্ছে। মেরুদণ্ডের হাড় ক্ষয়ে যাওয়ায় সোজা হয়ে দাঁড়াতে পারেন না, স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারেন না। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাঁর জটিল অস্ত্রোপচার প্রয়োজন। এ জন্য ঢাকায় চিকিৎসা ও অস্ত্রোপচারসহ প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। অথচ এই বিপুল অর্থ জোগাড় করার সামর্থ্য তাঁর পরিবারের নেই।
স্বামীর চিকিৎসার পেছনে যা কিছু ছিল, সবই শেষ হয়ে গেছে। এখন মাথা গোঁজার ঠাঁইটুকুও অনিশ্চিত। খড়, বাঁশ ও পলিথিন দিয়ে তৈরি জরাজীর্ণ ঘরে তাঁর বসবাস। বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি পড়ে। অসুস্থ শরীর নিয়ে এমন পরিবেশে দিন কাটানো তাঁর জন্য আরও কষ্টকর হয়ে উঠেছে। কখনো খাবারের অনিশ্চয়তা, কখনো চিকিৎসার চিন্তা—সব মিলিয়ে প্রতিটি দিনই যেন তাঁর কাছে এক কঠিন সংগ্রাম।
শামসুন্নাহারের এক ছেলে ও এক মেয়ে। মেয়ে বিবাহিত, স্বামীর সংসারে থাকেন। ছেলে দিনমজুরের কাজ করেন। তাঁর নিজেরই স্থায়ী থাকার মতো ঘরবাড়ি নেই। সামান্য আয়ে নিজের সংসার চালাতেই হিমশিম খেতে হয় তাঁকে। ফলে মায়ের চিকিৎসার ব্যয় বহন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।
পরিবারের সদস্য হোসেন মুন্সি জানান, শামসুন্নাহারের পরিবার দীর্ঘদিন ধরেই অভাব-অনটনের মধ্যে রয়েছে। স্বামীর মৃত্যুর পর তাঁর পাশে দাঁড়ানোর মতো সামর্থ্যও পরিবারের কারও নেই। তিনিও বৃদ্ধ, নিজের অসহায়ত্বের কারণে তেমন কিছু করতে পারছেন না।
একসময় স্বামীকে বাঁচানোর জন্য নিজের চিকিৎসা বিসর্জন দিয়েছিলেন যে নারী, আজ তাঁর নিজের জীবন বাঁচানোর জন্য প্রয়োজন মানুষের সহায়তা। চিকিৎসার অর্থের অভাবে যেন তাঁকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে না হয়—এমন আকুতিই তাঁর।
শামসুন্নাহারের চিকিৎসায় সহায়তার জন্য সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রতি এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিলে হয়তো আবারও স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পাবেন তিনি।
শামসুন্নাহারের আর্তনাদ কেবল একজন অসুস্থ নারীর ব্যক্তিগত কষ্ট নয়; এটি আমাদের সমাজের মানবিকতার কাছেও এক কঠিন প্রশ্ন। মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় দায়িত্ব আর কী হতে পারে?
কবি কাজী নজরুল ইসলামের ভাষায়
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান
ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো,
স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়।
ফিরে গিয়ে সেথা কেহ ছিল না—তবু ভাঙা দ্বারে তার
অসহায় ক্ষুধার্ত মানুষের হাহাকার!