👁 54 Views

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর রাতভর বিশেষ অভিযানে বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।।বিরলেন বিশেষ অভিযানে ০৭ নভেম্বর ২০২৬ দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ধর্মজান ও মৌচোষা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তবর্তী এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ ও ৫০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা।
জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এসব অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। সীমান্তকে নিরাপদ ও মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। সীমান্ত অপরাধে জড়িত কোনো ব্যক্তি বা চক্রকে ছাড় দেওয়া হবে না।
সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে সুরক্ষিত রাখতে সীমান্তপথে মাদকের অবৈধ প্রবেশ প্রতিরোধে বিশেষ গুরুত্ব দিচ্ছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। এ লক্ষ্যে সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও আভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে।