
মেরাজ শাকিল , নারায়ণগঞ্জ : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রেবতী মোহন পাইলট স্কুলের ছাত্র-ছাত্রীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে।
১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা বিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণ, শ্রেণিকক্ষের আশপাশ, বারান্দা ও খোলা জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করে। হাতে ঝাড়ু ও বালতি নিয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে দেখা যায়।
কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা, বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরি করা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গঠনে শিক্ষার্থী, স্কাউটস, বিএনসিসি, গার্লস গাইড ও স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী ও তরুণ সমাজকে সঙ্গে নিয়ে দেশকে গড়ে তুলতে হবে। তাঁর ভাষায়, “আমরা একটি লক্ষ্য নিয়ে একত্র হয়েছি। সেটি হলো, দেশ গড়ার লক্ষ্য।”
এরই ধারাবাহিকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে শুধু মশার প্রজননস্থল ধ্বংস নয়, বরং শিক্ষার্থীদের নিজেদের বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে দায়িত্বশীল করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী চলবে। ঢাকাকেন্দ্রিক কর্মসূচির পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়েও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, স্কাউটস, বিএনসিসি ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
রেবতী মোহন পাইলট স্কুলের শিক্ষার্থীদের এই উদ্যোগ বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।