
আলাল সজিব, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত মিছিলকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ধামরাই উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালিথা পূর্বপাড়া এলাকায় একেএইচ গার্মেন্টসের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধামরাইয়ের সংসদ সদস্য তমিজ উদ্দিনের সমর্থকরা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বালিথা পূর্বপাড়া এলাকায় পৌঁছালে সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান রোমার সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে বলে জানা যায়।
আহতদের মধ্যে কয়েকজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
ধামরাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করছিলাম। হঠাৎ আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
অন্যদিকে সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান রোমা বলেন, “আমার সমর্থকেরা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। হঠাৎ তমিজ উদ্দিন এমপির লোকজন আমার লোকজনকে লক্ষ্য করে হামলা চালায়।”
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, “দুই পক্ষ থেকেই অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”