👁 130 Views

আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে চট্টগ্রাম র‍্যাবের ঈদ উপহার বিতরণ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ এবছরও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আত্মসমর্পণকারী সাবেক জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এ সময় তাদের পুনর্বাসন ও বর্তমান জীবনযাপন নিয়ে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
বুধবার (১৮ মার্চ) দুপুরে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় র‌্যাব-৭ এর সদর দপ্তরের এলিট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী ও পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকারী ১২৭ জন সাবেক জলদস্যুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, চাঁদাবাজ, খুনি ও মাদক কারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, র‌্যাবের ধারাবাহিক অভিযানের ফলে ২০১৮ ও ২০২০ সালে মোট ৭৭ জন এবং ২০২৪ সালে আরও ৫০ জন জলদস্যু আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের পর তাদের পুনর্বাসনে বিভিন্ন সহায়তা প্রদান করা হলে তারা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসে।
অনুষ্ঠানে র‌্যাব-৭, চট্টগ্রামের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। তিনি বলেন, “আত্মসমর্পণকারী ব্যক্তিদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে র‌্যাব সবসময় কাজ করে যাচ্ছে। তাদের জন্য পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করা হবে।”
এ সময় আত্মসমর্পণকারী ব্যক্তিরা র‌্যাবের এ মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং অপরাধমুক্ত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারার জন্য কৃতজ্ঞতা জানান। তারা ভবিষ্যতেও সৎ ও শান্তিপূর্ণ জীবনযাপন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *