
বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনায় জনসেবা, অবকাঠামো উন্নয়ন এবং নগর পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়ন সংক্রান্ত একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত দিন কাটিয়েছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
শনিবার (৪ জুলাই) সকালে তিনি পাবনা প্রেসক্লাবের উদ্যোগে এবং ভিশন স্প্রিং-এর সহযোগিতায় প্রেসক্লাবের সদস্য, জেলার সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী চক্ষু শিবিরের উদ্বোধন করেন।
পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার মো: ছুফি উল্লাহ। এ সময় ভিশন স্প্রিং-এর অপটোমেট্রিস্ট ডা. আরিফুল ইসলাম চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে রানা গ্রপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর প্রধান অতিথি, জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিজ নিজ চোখ পরীক্ষা করিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
এরপর সংসদ সদস্য শিমুল বিশ্বাস লতিফ টাওয়ার থেকে সদর হাসপাতাল গেট পর্যন্ত ৭ ও ৯ নম্বর ওয়ার্ড এলাকায় ১ হাজার ৩৯০ মিটার ডেন্স কার্পেটিং (ডিসি) সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন।
পরে দুপুর ১টার দিকে তিনি শহরের পাওয়ার হাউজ রোডের ১১ নম্বর ওয়ার্ডে ৫৬২ মিটার ডেন্স কার্পেটিং (ডিসি) সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার ছুফি উল্লাহ বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, সাবেক পৌর কাউন্সিলর ফরিদুল ইসলাম ডালু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ স্থানীয় নেতারা। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন পাবনা কামিল আলিয়া মাদরাসার অধ্যক্ষ মো. আনছার।
এদিকে পাবনা পৌরসভার পরিচ্ছন্নতা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে বাংলাদেশ সরকারের সমন্বিত স্যানিটেশন ও হাইজিন প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সরবরাহ করা তিনটি ডাম্প ট্রাক, দুটি ব্যাকহো (ভেকু) লোডার এবং একটি আধুনিক রোড সুইপিং ট্রাকের উদ্বোধন করেন সংসদ সদস্য শিমুল বিশ্বাস।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার ছুফি উলাহ এবং পৌর প্রশাসক খায়রুল ইসলাম বলেন, নতুন যানবাহনগুলো নগর পরিচ্ছন্নতা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শিমুল বিশ্বাস বলেন, পাবনা পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহরে রূপান্তরের লক্ষ্যে প্রায় আড়াইশ কোটি টাকার একটি মাস্টার প্ল্যান বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, ভাঙাচোরা সড়ক সংস্কার এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করা গেলে অচিরেই পাবনা একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক শহরে পরিণত হবে।
অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহŸায়ক আনিসুল হক বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী, পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, সহকারী প্রকৌশলী ওবায়েদুল হক, উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, লাইসেন্স ইন্সপেক্টর রইস মির্জাসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।