👁 83 Views

বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২ ড্রেজার ও ২০০ মিটার পাইপ ধ্বংস

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে দশানী নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন ও আনুমানিক ২০০ মিটার পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৭ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের পূর্ব কলকিহারা এলাকায় দশানী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে নদীতে স্থাপন করা দুটি ডিজেলচালিত ড্রেজার মেশিন ও বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ২০০ মিটার পাইপ ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কৃষিজমি ও রাস্তাঘাটের ক্ষতি হচ্ছে। তাই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”