👁 483 Views

দুপচাঁচিয়ায় সন্ত্রাসী হামলায় আ’হ’ত জামায়াত নেতা সম্রাট হোসেন বাপ্পার মৃ-ত্যু, এলাকায় উত্তেজনা।।

স্টাফ রিপোর্টার বগুড়াঃ

দুপচাঁচিয়ায় সন্ত্রাসী হামলায় আ’হ’ত জামায়াত নেতা সম্রাট হোসেন বাপ্পার মৃ-ত্যু, এলাকায় উত্তেজনা

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গত ২৫ জুন সন্ত্রাসী হামলায় গুরুতর আ’হ’ত জামায়াতে ইসলামী দুপচাঁচিয়া সদর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সহ-সভাপতি সম্রাট হোসেন বাপ্পা (৪১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৪ জুলাই) দিনগত রাত পৌনে ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, উপজেলার ভেলুরচক গ্রামে জমি নিয়ে রফিক আকন্দ ও তার ছোট ভাই আব্দুল করিম আকন্দের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত ২৫ জুন দুপুরে এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আব্দুল করিম আকন্দের পক্ষের লোকজন রফিক আকন্দের ওপর হামলা চালালে তাকে রক্ষা করতে গিয়ে সম্রাট হোসেন বাপ্পা গুরুতর আহত হন। এ সময় সম্রাটের মা জোসনা বেগমও মারধরের শিকার হন।

স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সম্রাটের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সম্রাটের মা জোসনা বেগম বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় আব্দুল করিম আকন্দসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ আব্দুল করিম আকন্দ ও তার স্ত্রী মিথিলাকে গ্রেপ্তার করেছে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, মামলার মূল অভিযুক্তসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে সম্রাট হোসেন বাপ্পার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের জানিয়েছেন, জানাজা শেষে দুপচাঁচিয়া উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *