👁 414 Views

যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা

ইয়ানূর রহমান : জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার মামলা করেছেন যশোর শহরের পূর্ব বারান্দিপাড়ার হাবিবুল্লাহ সরদারের ছেলে সালাউদ্দীন। আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। বাদীর আইনজীবী খালেদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন, অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল মোল্যা, বনগ্রাম ওয়ার্ড বিএনপির সভাপতি মতিউর রহমান সুজা, সাধারণ সম্পাদক আহাদ আলী, বনগ্রাম ওয়ার্ড যুবদলের সভাপতি কাদের মোল্যা ও সাধারণ সম্পাদক আসাদ।

মামলার অভিযোগে জানা যায়, তার পিতা অভয়নগর থানার প্রেমবাগ মৌজার ২৫১৭, ২৫০৩ ও ২৫২১ নম্বর দাগে ক্রয়সূত্রে ৪২ শতাংশ জমির মালিক। এছাড়া হেবা দলিলের মাধ্যমে বাদীরও ওই মৌজায় সম্পত্তি রয়েছে। কয়েক মাস ধরে জমি বিক্রির জন্য ক্রেতা খোঁজা ও আলোচনা করার সময় বিবাদীরা জমি বিক্রি করতে হলে প্রতি লাখে ১০ হাজার টাকা কমিশন দিতে হবে বলে দাবি করেন। কমিশন দিতে অস্বীকৃতি জানানোয় আসামিদের সঙ্গে বাদীর বিরোধ সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে আলাউদ্দিন সাক্ষীদের নিয়ে প্রেমবাগের বনগ্রামে গেলে আসামিরা তার বাড়ির সামনে পাকা রাস্তায় গিয়ে তাকে ডাকাডাকি করেন। সালাউদ্দিন ও লোকজন বাইরে এলে আসামি সোহেল মোল্লা গালিগালাজ করেন এবং আসামি আহাদ আলী মারতে উদ্যত হন। আসামিরা সালাউদ্দিন ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে জমি বিক্রির ক্ষেত্রে কমিশন দেওয়ার জন্য চাপ দেন এবং অন্যথায় মিথ্যা মামলায় ফাঁসানো ও হত্যার হুমকি দেন। এ সময় স্থানীয় লোকজন জড়ো হলে আসামিরা চলে যান।

এ ঘটনায় সালাউদ্দিন ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *