👁 433 Views

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে গাঁজা সেবনে ২ জনের কারাদণ্ড 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবনে গাঁজা সেবনরত অবস্থায় আনসার সদস্যদের তৎপরতায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে একজনকে ৩০ দিন এবং অপরজনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
হাসপাতাল এলাকায় মাদকদ্রব্য সেবনসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধে দায়িত্ব পালনকালে আনসার সদস্যদের সতর্কতা, দায়িত্বশীলতা ও তাৎক্ষণিক পদক্ষেপের ফলে এ ঘটনা শনাক্ত করা সম্ভব হয়। তাঁদের এ তৎপরতা হাসপাতালের সার্বিক নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এদিকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের সেবার পরিবেশ, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বজায় রাখতে তারা বদ্ধপরিকর। হাসপাতাল একটি জনসেবামূলক প্রতিষ্ঠান। এখানে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হাসপাতাল প্রাঙ্গণে বিনা প্রয়োজনে আড্ডা দেওয়া, উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা, পরিত্যক্ত ভবন বা নির্ধারিত নয় এমন স্থানে অবস্থান করা সম্পূর্ণ নিষেধ। শুধুমাত্র চিকিৎসাসেবা গ্রহণ, রোগীর পরিচর্যা ও হাসপাতাল-সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাজে আগত ব্যক্তিদের যথাযথ স্থানে অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে।
হাসপাতাল এলাকায় মাদকদ্রব্য সেবন, অসামাজিক কর্মকাণ্ড কিংবা হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে—এমন কোনো আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *