
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের ফরিদপুর দক্ষিণপাড়া গ্রামের প্রায় ৮০ বছরের পুরোনো একটি সুইচ গেট দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। গেটটির বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। এতে কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রিটিশ আমলে নির্মিত এই সুইচ গেটটি একসময় পানি নিষ্কাশন ও কৃষিজমিতে সেচ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে গেটটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরেজমিনে স্থানীয়দের দেওয়া তথ্যে জানা যায়, গেটটির দুই পাশের মাটি সরে গেছে। কোথাও স্লাব ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে এবং কিছু অংশে রড বের হয়ে রয়েছে। ফলে ভারী যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে পারাপারেও ঝুঁকি রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
ফরিদপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা আফজাল হোসেন বলেন, “এই গেট দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার মানুষ হাট-বাজারে যাতায়াত করেন। বৃষ্টি হলে চলাচলের অবস্থা আরও খারাপ হয়ে যায়। বিষয়টি জনপ্রতিনিধিদের একাধিকবার জানানো হলেও এখনো স্থায়ী সমাধান হয়নি।”
স্থানীয় কৃষকদের দাবি, সুইচ গেটটি অকেজো হয়ে পড়ায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে সমস্যা তৈরি হয়। আবার শুষ্ক মৌসুমে প্রয়োজনীয় পানি ধরে রাখাও সম্ভব হয় না। এতে কৃষিকাজ ব্যাহত হচ্ছে বলে জানান তারা।
পবনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান বলেন, “সুইচ গেটটির সমস্যার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। এটি সংস্কারের জন্য আবেদনও পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, পুরোনো এই সুইচ গেটটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। পাশাপাশি চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী নতুন সেতু বা আধুনিক সুইচ গেট নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে দীর্ঘদিনের এই জনদুর্ভোগের অবসান হবে।