👁 468 Views

পাবনার সাংবাদিকদের সঙ্গে আড্ডায় সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

এবিএম ফজলুর রহমান, পাবনা : বৃহস্পতিবার রাতে পাবনার সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মেতে উঠেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। এ সময় তিনি আশির দশকে তার সাংবাদিকতা জীবন বঙ্গভবনের মুহুর্ত ও শেষ সময়ের দিনগুলির স্মৃতি চারণ করেন।
সুত্র জানায়, তিন দিনের সফরে নিজ জেলা পাবনায় আসেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার গুলশানে নিজ বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে বিকেল সাড়ে ৪টার দিকে পাবনায় পৌঁছান তিনি। পরে পাবনা সার্কিট হাউসে ওঠেন সাবেক এই রাষ্ট্রপতি।

পাবনায় পৌঁছানোর পর স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিকেলে তিনি পাবনার আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে গিয়ে তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করেন।
রাতে পাবনা প্রেসক্লাবে সতীর্থ সাংবাদিক ও সাবেক সহকর্মীদের সঙ্গে আড্ডায় মিলিত হন মো. সাহাবুদ্দিন। পাবনার কৃতী সন্তান সাবেক এই রাষ্ট্রপতি ৬৬ বছরের ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের সম্মানিত জীবন সদস্য। তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন।
পাবনা প্রেসক্লাবে এসে পৌছলে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারন সম্পাদক
জহুরুল ইসলাম ও সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান তাকে স্বাগত জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ গত ২৮ মার্চ রাষ্ট্রপতি থাকাকালে নিজ জেলা পাবনায় সফর করেছিলেন মো. সাহাবুদ্দিন। এবারের সফরে তিনি ১৩ সেপ্টেম্বর পর্যন্ত পাবনায় অবস্থান করবেন। এ সময় তিনি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে ১৩ সেপ্টেম্বর দুপুরে সড়কপথে ঢাকার বাসভবনের উদ্দেশে পাবনা ত্যাগ করার কথা রয়েছে সাবেক রাষ্ট্রপতির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *