
নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী–৪ বাগমারা আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রাথী ডা. আব্দুল বারী বলেছেন,জনগণের ভোটাধিকার নিশ্চিত করা গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও রাষ্ট্রীয় জবাবদিহিতা প্রতিষ্ঠার মূল ভিত্তি। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে এই বাগমারার প্রকৃত পরিবর্তন আসবে। নির্বাচনের মাধ্যমে নাগরিকরা তাদের প্রতিনিধি বেছে নিলে সুশাসন প্রতিষ্ঠিত হয়, যা টেকসই উন্নয়ন ও প্রকৃত পরিবর্তন আনতে পারে। গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সদর ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভায় তিনি এ সব কথা বলেন। ডা. আব্দুল বারী বলেন,জামায়াতে ইসলামী ক্ষমতার জন্য নয়, বরং ন্যায়বিচার ও সুশাসনের জন্য রাজনীতি করে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই এ দলের মূল লক্ষ্য। আমি বিশ্বাস করি, ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। বাগমারা উপজেলা জামায়াতের আমীর কামরুজ্জামান হারুনের সভাপতিত্বে উক্ত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমীর এস এম ইসমাইল হোসেন, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আহাদ আলী কবিরাজ, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, সেক্রেটারি রফিকুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন,জামায়াতে ইসলামী ক্ষমতার জন্য নয়, বরং ন্যায়বিচার ও সুশাসনের জন্য রাজনীতি করে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই এ দলের মূল লক্ষ্য। আমরা মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি, নিজের পকেট ভরার জন্য নয়। নিজেদের অর্থ ব্যয় করে আমরা জনগণের সেবা করি।