
জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩ নম্বর ডমুরিয়া ইউনিয়নের নলুয়া কমিউনিটি ক্লিনিকসহ তিনটি কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটেছে। এ সময় অজ্ঞাত চোরের দল ক্লিনিকগুলোর দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ইন্টারনেটের ওয়াই-ফাই রাউটার, নগদ টাকা, পানির মোটর, দেয়ালঘড়ি, চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে।
নলুয়া কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডার মো. ফিরোজ জানান, বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ক্লিনিকের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ক্লিনিকের ইন্টারনেট সংযোগের ওয়াই-ফাই রাউটারসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে যায়।
অপরদিকে, গত ৪ জুলাই রাতে উপজেলার চাঁদপুর কমিউনিটি ক্লিনিক ও রাজারামপুর কমিউনিটি ক্লিনিকেও একই কায়দায় চুরি হয়। অজ্ঞাত চোরেরা ওই দুই ক্লিনিকের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ প্রায় ১০ হাজার টাকা, সার্জারির কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, প্রেসার ও ডায়াবেটিস মাপার যন্ত্র, পানির মোটর, দেয়ালঘড়িসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
এদিকে, একই রাতে ক্লিনিকের পাশে থাকা একটি দোকানেও চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, চোরেরা দোকানের প্রায় সব মালামাল নিয়ে গেছে।
একই এলাকায় একই রাতে পরপর চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসী বলছেন, এ ধরনের ঘটনায় জননিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়দের দাবি, ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। পাশাপাশি এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও নিয়মিত পুলিশি টহল দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম সরকার চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।