👁 437 Views

নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে পাবনায় যৌথ অভিযান: ২টি প্রতিষ্ঠানকে জরিমানা, পলিথিন জব্দ

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আজ ১২ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসন, পাবনা ও পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পাবনা সদর উপজেলার দোগাছী বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার রোধে জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন ও মজুদ রাখার দায়ে রং বেরং স্টোর ও নাঈমা স্টোর-কে সচেতনতামূলকভাবে মোট ২,০০০/- (দুই হাজার) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একইসঙ্গে প্রায় ১.০০ (এক) কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
জেলা প্রশাসন, পাবনার সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইশরাত তাসনিম বর্ষা অভিযানে নেতৃত্ব প্রদান করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো. আব্দুল মমিনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। জেলা পুলিশ, পাবনার একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
অভিযান চলাকালে উপস্থিত জনসাধারণের মাঝে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক ও পরিবেশের ওপর এর বিরূপ প্রভাব সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার, বিক্রয়, প্রদর্শন ও মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় জনসাধারণকে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার পরিহার করে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *