👁 440 Views

পাইকগাছায় প্রাথমিক ম্যানেজিং কমিটির নির্বাচনে কারচুপির অভিযোগ ; পুনর্নির্বাচনের দাবি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছা উপজেলার ১৬০নং খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠেছে। সভাপতি পদপ্রার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ রুহুল আমিন গাজী নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন।

আবেদনে তিনি অভিযোগ করেন, গত ৬ জুলাই ২০২৬ অনুষ্ঠিত নির্বাচনে নিয়ম লঙ্ঘন করে সভাপতি নির্বাচন করা হয়েছে। তাঁর দাবি, নির্বাচিত সভাপতি নাজমুস শাহাদাত জজ বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার স্থায়ী বাসিন্দা নন এবং তাঁর কোনো সন্তানও বিদ্যালয়ের শিক্ষার্থী নয়। এছাড়া প্রধান শিক্ষক ভোটার তালিকায় অনিয়ম ও নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে নির্বাচন বাতিল এবং নিরপেক্ষভাবে পুনর্নির্বাচনের দাবি জানান। অভিযোগের বিষয়ে জানতে চাইলে নির্বাচিত সভাপতি নাজমুস শাহাদাত জজ বলেন, আমি জমি দাতা তাই আমি এ নির্বাচনে অংশগ্রহণ করে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। নির্বাচন সংশ্লিষ্ট সব কার্যক্রম বিধি অনুযায়ী হয়েছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করুক, আমি সহযোগিতা করব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির গাজী বলেন, নির্বাচন সম্পূর্ণ বিধি-বিধান অনুসরণ করেই অনুষ্ঠিত হয়েছে। ভোটার তালিকা ও নির্বাচন প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি। অভিযোগের বিষয়ে তদন্ত হলে প্রয়োজনীয় সব নথিপত্র উপস্থাপন করা হবে। ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি বিধি অনুযায়ী যাচাই-বাছাই করা হবে। তদন্তে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *