👁 59 Views

যেকোনো অপশক্তির বিরুদ্ধে সরকারের পাশে থাকুন: সনাতনীদের প্রতি আইনমন্ত্রীর আহ্বান

মাকসুদুল হক, ঝিনাইদহ প্রতিনিধি- যেকোনো অশুভ ও অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে সরকারকে সহযোগিতা করার জন্য এবং সরকারের পাশে থাকার জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইনমন্ত্রী বলেন, “৫ হাজার বছর আগে মূলত অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। সমস্ত অপশক্তি ও অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করাই ছিল তাঁর মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, যেকোনো অপশক্তির বিরুদ্ধে আমরা যখন সংগ্রাম করব, আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন।”

সনাতন সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করে মন্ত্রী আরও বলেন, “শ্রীকৃষ্ণের এই পবিত্র জন্মতিথিতে আপনাদের এই আনন্দ উৎসব, যে ভক্তি-শ্রদ্ধা, ধর্মের প্রতি যে আস্থা-বিশ্বাস—সেই জায়গায় আমি আপনাদের সাথে সংহতি প্রকাশ করছি। বর্তমান সরকারের আমলে দেশের সব ধর্মের মানুষ কোনো ধরনের ভয়ভীতি ছাড়া, সম্পূর্ণ নির্বিঘ্নে ও নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করতে পারছেন। আমরা চাই এই সুন্দর পরিবেশ সবসময় বজায় থাকুক।”

আলোচনা অনুষ্ঠান শেষে আয়োজিত এক বর্ণাঢ্য জন্মাষ্টমীর র‍্যালিতে অংশ নেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

এ সময় মন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন এবং জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট এম এ মজিদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত অনুরাগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *