
ঘোড়াঘাট প্রতিনিধিঃ-
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার পালশা ইউনিয়নের বিলপাড়া গ্রামের ডুগডুগি-রানীগঞ্জ পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিশপুর গ্রামের রেজাউলের ছেলে খাইরুল ইসলাম (২৮), মৃত গোলজার হোসেনের ছেলে মিজানুর রহমান (২৮) ও আব্দুল মজিদের ছেলে সেলিম মিয়া (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল বিলপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। একপর্যায়ে তুহিন মাস্টারের পুকুরের উত্তর পাশে তিন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের ঘিরে ফেলে। পরে তাদের দেহ তল্লাশি করে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০০ পিস ট্যাপেন্টাডলসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।