👁 177 Views

তিন তলা সাইকেল বানিয়ে তাক লাগালেন ১৮ বছরের ইউছুফ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: নিজের মেধা, কৌতূহল ও কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে তিন তলা সাইকেল তৈরি করে চমক দেখিয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১৮ বছরের তরুণ ইউছুফ আলী। ব্যতিক্রমী এই সাইকেল দেখতে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

ইউছুফ আলী উপজেলার ফরিদপুর ইউনিয়নের বদলখাঁ গ্রামের দিনমজুর ছাইফুল ইসলাম ও আনজুয়ারা বেগমের ছেলে। শখ থেকেই নতুন কিছু তৈরির চিন্তা শুরু করেন তিনি। দীর্ঘদিনের পরিকল্পনা, মাপজোক ও নানা পরীক্ষা-নিরীক্ষার পর পুরোনো ও সহজলভ্য বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে তৈরি করেন তিন স্তরের সাইকেলটি।

সাইকেলটির নিচে রয়েছে মূল চাকা ও প্যাডেল। এর ওপর ধাপে ধাপে তৈরি করা হয়েছে আরও দুটি স্তর। সাধারণ সাইকেলের তুলনায় এর উচ্চতা অনেক বেশি হওয়ায় ভারসাম্য ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কাঠামোটি শক্তভাবে তৈরি করা হয়েছে।

ইউছুফের স্বপ্ন, উন্নত সরঞ্জাম নিয়ে আরও নতুন ধরনের সাইকেল তৈরি করে একটি শোরুম দেওয়া। তবে অর্থের অভাবে সেই স্বপ্ন এগিয়ে নিতে পারছেন না তিনি। এ জন্য সরকারি-বেসরকারি সহযোগিতা প্রত্যাশা করছেন এই তরুণ উদ্ভাবক।

ইউছুফের বড় ভাই রনি আকন্দ বলেন, নতুন কিছু করার আগ্রহ থেকেই তার ভাই তিন তলা সাইকেলটি তৈরি করেছে। ভবিষ্যতে মানুষের কাজে লাগে—এমন আরও আধুনিক কিছু তৈরির ইচ্ছা রয়েছে তার।

ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, ইউছুফের কারিগরি দক্ষতা প্রশংসনীয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উদ্যোক্তারা সহযোগিতার হাত বাড়ালে তার এই সৃজনশীলতা আরও বড় পরিসরে বিকশিত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *