
ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া এলাকায় একটি বিলের ইজারা নিয়ে বিরোধকে কেন্দ্র করে জোরপূর্বক বাঁধ দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. সালাহ উদ্দিন শেখ ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বান্দিয়া এলাকার প্রায় ১০ একর আয়তনের একটি বিল স্থানীয়দের কাছ থেকে ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন সিদ্দিকুর রহমান ও আশাব উদ্দিন। তবে অভিযুক্তরা দীর্ঘ তিন বছর ধরে বিলের ইজারার টাকা পরিশোধ করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বর্তমানে ইজারার মেয়াদ শেষ হওয়ার পরও তারা বিলটি দখলে রেখে জোরপূর্বক মাছ চাষের চেষ্টা করছেন বলে দাবি করেন অভিযোগকারী। লিখিত অভিযোগে আরও বলা হয়, স্থানীয় কৃষকরা অভিযুক্তদের বিলে মাছ চাষ করতে নিষেধ করলে তারা বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিতে থাকেন। গত ২৫ জুলাই সকালে অভিযুক্তরা লোকজন নিয়ে বিলে জোরপূর্বক বাঁধ দিতে শুরু করেন। এ সময় অভিযোগকারী বাধা দিলে তাকে হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়। অভিযোগকারী আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্তরা যেকোনো সময় বিলে মাটি কেটে বাঁধ নির্মাণ করতে পারেন। এতে বাধা দিতে গেলে মারধর, রক্তক্ষয়ী সংঘর্ষ কিংবা আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হওয়ায় তিনি থানার শরণাপন্ন হয়েছেন। এ বিষয়ে অভিযোগকারী মো. সালাহ উদ্দিন শেখ প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের ফোনে বার বার ফোন দিলে ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি
পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।