👁 460 Views

রংপুরে বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন: ‘বিএনপিকে ফ্যাসিবাদী বলা ইতিহাস ও বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’ — মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক রংপুর: বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে আখ্যায়িত করা রাজনৈতিক অজ্ঞতার পরিচয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, জনগণের সমর্থন এবং ভোটের মাধ্যমে বিএনপি জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তাই বিএনপিকে ফ্যাসিবাদী বলা ইতিহাস, বাস্তবতা এবং জনগণের রায়ের সঙ্গে সাংঘর্ষিক।
সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর নবনির্মিত বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় বিএনপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটে নির্বাচিত একটি রাজনৈতিক দলকে ফ্যাসিবাদী আখ্যা দেওয়া কোনোভাবেই গ্রহণ2যোগ্য নয়। যারা এ ধরনের মন্তব্য করেন, তাদের রাজনৈতিক ইতিহাস ও গণতান্ত্রিক চর্চা সম্পর্কে জ্ঞানের ঘাটতি রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। দলীয় নীতিমালা ও সিদ্ধান্ত অনুযায়ীই রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন পরিচালনা, প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ এবং অন্যান্য বিষয় নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত। নির্বাচন কমিশন আইন ও বিধিমালা অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেও তিনি জানান।
জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, আগে নিজেদের দলের গঠনতন্ত্র ভালোভাবে পড়ে দেখা উচিত। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, জামায়াতে ইসলামী আদৌ একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাজনৈতিক দল কি না।
দেশের কৃষি খাতকে আরও আধুনিক ও উৎপাদনমুখী করার পরিকল্পনার কথাও তুলে ধরেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেন, কৃষকদের জন্য সুদমুক্ত কৃষিঋণের সুযোগ সম্প্রসারণ, কৃষিতে বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্যিক কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। এর মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।

এর পরে রংপুর টাউন হল চত্বরে আয়োজিত পল্লী উন্নয়ন মেলার উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলা এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে এ ধরনের মেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *