👁 246 Views

বনের জমি উদ্ধার করতে গিয়ে শ্রীপুরে রেঞ্জ কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

‎‎আশিকুর রহমান সবুজ,​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: ‎গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের বেদখল হওয়া সরকারি জমি উদ্ধার করতে গিয়ে স্থানীয় দখলদারদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন শ্রীপুর রেঞ্জ কর্মকর্তাসহ একাধিক বনকর্মী। এ সময় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত বন বিভাগের একটি গাড়ি ভাঙচুর করে উত্তেজিত দখলদাররা।
‎​মঙ্গলবার (৩০ জুন) উপজেলার তেলিহাটি ইউনিয়নের হাজেরার চালা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
‎​
‎স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, তেলিহাটি ইউনিয়নের হাজেরার চালা এলাকায় দীর্ঘদিন ধরে বনের মূল্যবান জমি অবৈধভাবে দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণের চেষ্টা চলছিল। এমন সংবাদের ভিত্তিতে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বনকর্মীদের একটি দল ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে যায়। উচ্ছেদ কাজ শুরু করতেই স্থানীয় কিছু চিহ্নিত ভূমিদস্যু, দখলদার ও তাদের সমর্থকরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বনকর্মীদের ওপর আচমকা হামলা চালায়।
‎​হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ বেশ কয়েকজন বনকর্মী আহত হন। একপর্যায়ে হামলাকারীরা বন বিভাগের একটি গাড়ি ভাঙচুর করলে পরিস্থিতি বেগতিক দেখে বনকর্মীরা সাময়িকভাবে পিছু হটেন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
‎​
‎বন বিভাগের পক্ষ থেকে এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, সরকারি সম্পদ রক্ষা করতে গিয়ে কর্তব্যরত কর্মকর্তাদের ওপর এই কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। কোনো অবস্থাতেই বনের জমি দখল করতে দেওয়া হবে না।
‎​
‎খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
‎​পুলিশ জানিয়েছে, বনের জমি দখল এবং সরকারি কর্মকর্তাদের ওপর হামলার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *