
বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনার সুজানগর উপজেলায় নিখোঁজের দুইদিন পর রহিম খান (৬৫) নামের এক ব্যাক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে সুজানগর উপজেলার দারিয়াপুর গ্রামের একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রহিম খান বেড়া উপজেলার টাংবাড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
আমিনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, স্থানীয় আম ব্যবসায়ী দারিয়াপুর গ্রামের আবুল কাশেমের আম বাগানে আম পাড়তে গিয়ে বুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ আরো জানায়, রহিম খান পেশায় লেবু বিক্রেতা ছিলেন। শনিবার সকালে সে বাড়ি থেকে বেড় হয়ে আর বাড়ি ফেরেনি। তার মৃত্যু কিভাবে হয়েছে সেই রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।