👁 293 Views

বেতন বকেয়া- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

‎আশিকুর রহমান সবুজ, গাজীপুর:   ‎​বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তালহা স্পিনিং মিলের শত শত শ্রমিক। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১০টা থেকে এমসি বাজার এলাকায় মহাসড়কের দুটি লেন দখল করে নেওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

গভীর রাতেও এই অবরোধ অব্যাহত থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
‎​কারখানা শ্রমিকদের ভাষ্যমতে, দীর্ঘ সময় ধরে বেতন বকেয়া থাকলেও কর্তৃপক্ষ বারবার তারিখ পরিবর্তন করে তাদের সাথে টালবাহানা করছে। এই কারখানার একাদিক শ্রমিক বলেন, “মে মাসের বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল কর্তৃপক্ষ, কিন্তু তারা বারবার কথা দিয়ে কথা রাখেনি। আজ জুনের শেষ সময়, অথচ গত মাসের বেতনই আমরা পাইনি।”

‎​শ্রমিকদের এই আন্দোলনের পেছনে রয়েছে তীব্র অর্থনৈতিক সংকট। লাইলী বেগম নামে এক শ্রমিক বলেন, “না খেয়ে কাজ করছি। দোকানদার বাকি দেওয়া বন্ধ করে দিয়েছে, বাসাভাড়া দিতে পারছি না। পেটের দায়ে আর সহ্য করতে না পেরে মধ্যরাতে রাস্তায় নেমেছি।”

‎​মহাসড়কে এই অচল অবস্থা নিরসনে পুলিশ কাজ করছে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, রাত পৌনে ১২টা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন, যার ফলে উভয় দিকে যানজট দীর্ঘ হচ্ছে। তিনি আরও বলেন, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি এবং মালিকপক্ষের সাথে আলোচনা করছি যাতে দ্রুত সমাধান পাওয়া যায়।”

‎​শেষ পাওয়া খবর পর্যন্ত, মালিকপক্ষের সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসায় শ্রমিকরা এখনো রাজপথ ছাড়েননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *