
ওবায়দুর রহমান অভি,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার কদমতলা কলেজে বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে কলেজের ক্লাস চলাকালীন এ হামলার ঘটনা ঘটে। এতে কলেজের ছাত্রাবাসের দুই শিক্ষার্থী দ্বীন ইসলাম ও গোলাম মোরশেদ আহত হয়েছেন।
আহত শিক্ষার্থীরা জানান, কলেজের এক ছাত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় কলেজ চলাকালীন তাদের ওপর হামলা চালানো হয়। তাদের অভিযোগ, কলেজের শিক্ষার্থী লিয়াম ও মারুফের নেতৃত্বে বহিরাগত ফোরকান, নাদিম, তানভীরসহ ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় তারা আহত হন। বর্তমানে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানান।
কলেজের অধ্যক্ষ রেহেনা আক্তার জানান, কলেজ চলাকালীন ২০ থেকে ২৫ জন বহিরাগত দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#