👁 471 Views

মাধবদী থানা পুলিশের অভিযানে  অস্ত্র ও গুলিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার, আলামত উদ্ধার

মোঃ নজরুল ইসলাম মাধবদী প্রতিনিধি:নরসিংদীর মাধবদীতে যৌথ অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও নগদ টাকাসহ কুখ্যাত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মাধবদী থানা পুলিশ। এ ঘটনায় আরও এক আসামিকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় মাধবদীর পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের নলুয়া এলাকার একটি সিএনজি গ্যারেজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামিরা হলো— মাধবদী থানার পাঁচদোনা শ্রীনগর এলাকার মৃত মিজানের ছেলে শুভ (২২) এবং একই এলাকার হালিম মিঞার ছেলে ফাহিম (২৬)। ঘটনার সময় সুজন (২২) নামের অপর এক সহযোগী দৌড়ে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, মাধবদী থানার এসআই (নিঃ) ইউসুফ আহমেদের নেতৃত্বে এএসআই আল মামুন, এএসআই শাকিল, এএসআই ফারুক ও ড্রাইভার ইয়াসিন মিঞাসহ একটি দল নিয়মিত টহল ও অবৈধ অস্ত্র-মাদক উদ্ধারে অভিযানে ছিল। রাত আনুমানিক ১:৫০ ঘটিকায় নলুয়া এলাকায় পৌঁছালে ভুক্তভোগী রিকশাযাত্রী মো. শাহিন এবং বালুর ট্রাক চালক আজাহার মন্ডলসহ কয়েকজন পুলিশকে থামিয়ে তাদের সাথে ঘটা ছিনতাইয়ের ঘটনা জানান। ভুক্তভোগীরা জানান, জিয়াউল মেম্বারের বাড়ির সামনে রিকশা আটকে আসামিরা অস্ত্র প্রদর্শন ও রিকশার চেইন দিয়ে আঘাত করে একটি অ্যান্ড্রয়েড মোবাইল এবং নগদ ১০,৫০০ টাকা ছিনতাই করে নিয়ে গেছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে মাধবদী থানার অফিসার ইনচার্জকে (ওসি) অবহিত করে পুলিশ টিম ভুক্তভোগীদের সাথে নিয়ে তাৎক্ষণিক অভিযানে নামে। রাত আনুমানিক ২:১০ ঘটিকায় পুলিশ নলুয়া এলাকার আলম মিয়ার সিএনজি গ্যারেজের সামনে পৌঁছালে আসামিরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ গ্যারেজের ভেতরে ঢুকে তল্লাশি চালিয়ে শুভ ও ফাহিমকে আটক করে।
উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামিরা ছিনতাইয়ের কথা স্বীকার করে এবং তাদের কাছে থাকা অবৈধ অস্ত্র বের করে দেয়। আটক শুভ-র জিন্স প্যান্টের বাম কোমর থেকে ১টি কাঠের বাটযুক্ত বিদেশি পিস্তল (যাতে Made in USA ও China খোদাই করা), ১টি ম্যাগাজিন ও প্যান্টের ডান পকেট থেকে নগদ ১,০০০ টাকা এবং ফাহিমের কাছ থেকে ২ টি ৫০০ টাকার নোট উদ্ধার করা হয়। পিস্তলের ম্যাগাজিনে ৩ রাউন্ড গুলি (যাতে KF 7.65 লেখা) লোড করা অবস্থায় পাওয়া যায়।
পরবর্তীতে রাত ০২:৩০ ঘটিকায় উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করে অস্ত্র, গুলি ও নগদ টাকা জব্দ করে আসামিদের থানায় নিয়ে আসা হয়।
পুলিশের সিডিএমএস (CDMS) তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গ্রেপ্তারকৃত আসামি শুভর বিরুদ্ধে মাধবদী থানায় অপহরণ ও চাঁদাবাজির (মামলা নং-২৮, তারিখ: ২৯/০১/২০২৬) মামলা রয়েছে। অপরদিকে ফাহিমের বিরুদ্ধে মাধবদী থানার উক্ত মামলা ছাড়াও চুয়াডাঙ্গা সদর থানায় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে (মামলা নং-০১, তারিখ: ০১/০৭/২০২৪) মামলা রয়েছে।
 আসামিদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯A/১৯(F) ধারায় মাধবদী থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি সুমনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *