👁 357 Views

সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ করেছে বলে জানালেন দুদক চেয়ারম্যান

এনামুল হক রাশেদীঃ   নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর পদত্যাগ ও বদলির ধারাবাহিকতায় এবার পদত্যাগ করলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও দুই কমিশনার। তবে দুদুক চেয়ারম্যান বলেছেন, কোনো চাপের মুখে নয়; বরং নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণে সহযোগিতা করতেই তিনি পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এদিন দুদক চেয়ারম্যানের সঙ্গে আরও দুই কমিশনার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন। তারা হলেন মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।
সদ্য বিদায়ী চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘নতুন সরকারের প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা পূরণে সহযোগী হিসেবেই আমরা পদত্যাগ করেছি। নির্বাচিত সরকার আসার ১৪তম দিনে আমরা পদত্যাগ করলাম। এর পেছনে বিশেষ কোনো কারণ নেই।’
পদত্যাগের ব্যাখ্যায় তিনি আরও বলেন, ‘পরিবর্তনের পর যে সরকার এসেছে, তাদেরও নিজস্ব প্রত্যাশা আছে। সরকার নিশ্চয়ই আমাদের চেয়ে অধিকতর যোগ্য একটি কমিশন গঠন করবে। এতে দুদক যেমন উপকৃত হবে, তেমনি রাষ্ট্রেরও উপকার হবে বলে আমি বিশ্বাস করি।’
দুদকের ‘নখ-দাঁত’ থাকা না থাকা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা বিচার করার মালিক আপনারাই। আমাদের সময়ে নখ-দাঁত ছিল কি ছিল না, তা আপনারাই ভালো বুঝবেন। আমরা আমাদের সময়টুকুতে দায়িত্ব পালনের চেষ্টা করেছি।’
উল্লেখ্য, ড. মোহাম্মদ আবদুল মোমেন ২০২৪ সালের ১০ ডিসেম্বর পাঁচ বছরের মেয়াদে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ছিলেন। একই সঙ্গে নিয়োগপ্রাপ্ত কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী ১১ ডিসেম্বর এবং হাফিজ আহসান ফরিদ ১৫ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *