
পটুয়াখালী প্রতিনিধি :; পটুয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের গুলি আউলিপুর গ্রামের চরঘূনী এলাকা থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত মোসা. সালমা পারভীন (৩৫) ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী বশির বেপারীর স্ত্রী এবং দুমকি উপজেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার নুর ইসলাম হাওলাদারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক নানা বিষয় নিয়ে এলাকায় আলোচনা ও অভ্যন্তরীণ বিরোধ চলছিল। শনিবার সকালে সালমা পারভীন নিজ বাসার বেডরুমের দরজা বন্ধ করে রাখেন। দীর্ঘ সময় তার কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। পরে প্রতিবেশীদের খবর দেওয়া হলে তারা দরজা খোলার চেষ্টা করেন। দরজা না খুললে পাশের জানালা দিয়ে ভেতরে তাকিয়ে সালমা পারভীনকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।
পরে স্থানীয়রা বিষয়টি দশমিনা থানা পুলিশকে জানায়। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে নিহত সালমা পারভীনের বাবা নুর ইসলাম হাওলাদার বলেন, “আমার মেয়ে কেন এমন করেছে, তা আমি বলতে পারছি না। এ ঘটনায় আমার কোনো অভিযোগ নেই। মেয়ের মরদেহ নিজ বাড়ি দুমকিতে নিয়ে যাব।
নিহতের স্বামী মালয়েশিয়া প্রবাসী বশির বেপারী মুঠোফোনে বলেন, আমি কিছুদিন আগেমালয়েশিয়ায় চলে আসি। হঠাৎ শুনলাম আমার স্ত্রী আত্মহত্যা করেছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা আমি জানি না।
এবিষয়ে দশমিনা থানার ওসি মো: আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।