👁 318 Views

বরগুনায় ছাত্রদল নেতার বিরুদ্ধে বসতঘরে লুটের অভিযোগ

বরগুনা প্রতিনিধি: বরগুনা পৌরসভার একটি বাসায় ঢুকে মালামাল ও ২ হাজার ৫০০ মার্কিন ডলার লুটের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের এক নেতা ও তাঁর স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদল নেতা ও তাঁর স্ত্রীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৬ থেকে ৭ জনের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) রাতে বরগুনা সদর থানায় মামলাটি দায়ের করা হয়।

অভিযুক্ত ছাত্রদল নেতা ওমর ফারুক সারজিল বরগুনা জেলা ছাত্রদলের সহ-যোগাযোগবিষয়ক সম্পাদক। তাঁর স্ত্রী উর্বানা অন্নি আক্তারও এ মামলার আসামি।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বরগুনা পোস্ট অফিসের দক্ষিণ পাশে মেরিন ইঞ্জিনিয়ার আব্বাস উদ্দিনের ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। ভবনটির মালিক কাজের কারণে বেশির ভাগ সময় দেশের বাইরে থাকায় সেটি দেখাশোনার দায়িত্বে ছিলেন বেল্লাল হোসেন।

বেল্লাল হোসেনের অভিযোগ, ঘটনার দিন বিকেলে তিনি ভবনের একটি কক্ষে মো. লিটন নামের এক ব্যক্তিকে রেখে পারিবারিক কাজে বাড়িতে যান। সন্ধ্যায় সারজিলসহ কয়েকজন ওই ভবনের নিচতলার কক্ষে প্রবেশ করেন। তাঁরা লিটনকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন এবং তাঁর মুঠোফোন নিয়ে তাঁকে একটি কক্ষে আটকে রাখেন।

পরে তাঁরা বাসায় থাকা ফ্রিজ, এসি, টেলিভিশন, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, কম্বল, পোশাক, ফ্যান, হাঁড়ি-পাতিলসহ বিভিন্ন মালামাল নিয়ে যান। এ ছাড়া স্টিলের আলমারি ও লকার ভেঙে ২ হাজার ৫০০ মার্কিন ডলার, জমির দলিল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

মামলায় লুট হওয়া মালামালের মূল্য ৫ লাখ ৮৮ হাজার ৮৭৫ টাকা উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী বেল্লাল হোসেন বলেন, ‘আব্বাস উদ্দিনের বাসা দেখাশোনার দায়িত্বে আমি আছি। ঘটনার দিন পারিবারিক কাজে বাড়িতে যাই। আমার পরিচিত লিটনকে ভবনটি দেখাশোনার জন্য রেখে যাই। সন্ধ্যার দিকে সারজিলসহ বেশ কয়েকজন ভবনে এসে লিটনকে ভয় দেখিয়ে মালামাল লুট করে নিয়ে যান। সিসিটিভি ফুটেজে সবকিছু স্পষ্ট দেখা যায়।’

অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন বন্ধ পাওয়া গেছে।

বরগুনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সানাউল্লাহ সানি বলেন, সারজিলের বিরুদ্ধে সদর থানায় লুটের মামলা হয়েছে। বিষয়টি খোঁজখবর নিয়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ বলেন, গতকাল রাতে সারজিলসহ দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৬ থেকে ৭ জনকে আসামি করে লুটের মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।