
আরিফুল ইসলাম মহিন, পার্বত্য প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে অভিযান চালিয়ে ৫৮ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় পাহাড়ি কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধীনস্থ লোগাং বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, লোগাং বিওপি থেকে আনুমানিক ৩০০ গজ পশ্চিমে দুদকছড়া ব্রিজ এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় কাপড় পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ২৭ সেট ভারতীয় পাহাড়ি থামি কাপড়, যার আনুমানিক মূল্য ৪০ হাজার ৫০০ টাকা এবং ২২ পিস ভারতীয় পাহাড়ি ওড়না, যার মূল্য ১৭ হাজার ৬০০ টাকা। সব মিলিয়ে জব্দ করা কাপড়ের সিজার মূল্য ৫৮ হাজার ১০০ টাকা।
জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।