👁 203 Views

খেদাছড়া বিজিবির মানবিক সহায়তা: অসহায় পরিবার পেল নগদ অর্থ, ঢেউটিন ও খাদ্যসামগ্রী

আরিফুল ইসলাম মহিন,পার্বত্য প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে মানবিক উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে খাগড়াছড়ির খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) বিভিন্ন অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন, কৃষি উপকরণ, ঢেউটিন, খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে।

রোববার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত খেদাছড়া ব্যাটালিয়ন সদরে আয়োজিত এ সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম, অর্ডন্যান্স।

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ কার্যক্রমে চিকিৎসার জন্য পাঁচটি অসহায় পরিবারকে মোট ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে তিনটি বাঙালি ও দুটি পাহাড়ি পরিবার রয়েছে।

এ ছাড়া তিনটি পরিবারের মাঝে সেলাই মেশিন, একজন বাঙালি কৃষককে কৃষি উপকরণ ও স্প্রে মেশিন এবং দুটি পরিবারের মাঝে মোট ২৪টি ঢেউটিন বিতরণ করা হয়। ঢেউটিন পাওয়া পরিবারগুলোর মধ্যে একটি বাঙালি ও একটি পাহাড়ি পরিবার রয়েছে।

পাশাপাশি খেদাছড়ার সর্বসাধারণের সুপেয় পানির সুবিধার্থে পাইপসহ একটি টিউবওয়েল স্থাপন, আমবাগান হেফজখানা ও এতিমখানায় ১০০ কেজি চালসহ খাদ্যসামগ্রী এবং একজন মেধাবী বাঙালি শিক্ষার্থীকে এক সেট বই ও স্কুলব্যাগ দেওয়া হয়।

সব মিলিয়ে এ কার্যক্রমে মোট ১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকার অনুদান ও সহায়তা প্রদান করেছে ৪০ বিজিবি।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিজিবির এ মানবিক উদ্যোগ স্থানীয় অসহায় পরিবারের চিকিৎসা, কর্মসংস্থান, কৃষি, শিক্ষা ও মৌলিক চাহিদা পূরণে সহায়ক হবে। একই সঙ্গে পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও আস্থার সম্পর্ক জোরদার এবং পার্বত্য অঞ্চলে শান্তি ও উন্নয়নের পরিবেশ বজায় রাখতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।