👁 616 Views

দীঘিনালার মাইনি নদীতে ৬০ কোটি টাকার সেতু নির্মাণের অনুমোদন

আরিফুল ইসলাম মহিন,পার্বত্য প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় মাইনি নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে ২০০ মিটার দীর্ঘ সেতু। প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত এ সেতু নির্মিত হলে নুনছড়ি এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দেয় একনেক। অনুমোদিত ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় দীঘিনালার বাবুছড়া (আরএইচডি)-নুনছড়ি সড়কের ৪৩০ মিটার চেইনেজে মাইনি নদীর ওপর ২০০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হবে।

খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার রহমান জানান, স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া ডিও লেটারের মাধ্যমে প্রকল্পটির আওতায় সেতু নির্মাণের প্রস্তাব করেন। এ বিষয়ে এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছেও চিঠি দেওয়া হয়েছিল।

তিনি বলেন, মাইনি নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় বিশেষ করে বর্ষা মৌসুমে নদীর দুই পাড়ের বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এতে শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। সেতুটির নকশা প্রণয়নের কাজ শেষ হলে আগামী তিন থেকে চার মাসের মধ্যে নির্মাণকাজ শুরু হতে পারে। সেতুটি নির্মাণে আনুমানিক ৬০ কোটি টাকা ব্যয় হবে।

সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, পাহাড়ের প্রত্যন্ত জনপদের উন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে। নুনছড়ি এলাকায় মাইনি নদীর ওপর সেতু নির্মাণ স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে। সেতুর নির্মাণকাজ শেষ হলে এলাকার মানুষের যাতায়াতের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

স্থানীয়দের প্রত্যাশা, সেতুটি নির্মিত হলে বর্ষায় নদী পারাপারের অনিশ্চয়তা দূর হওয়ার পাশাপাশি নুনছড়ি এলাকার সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ আরও সহজ হবে। একই সঙ্গে এলাকার কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেতুটি।