
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত ‘কেন্দ্রীয় শহীদ মিনার’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শহীদ মিনারের শুভ উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার, জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ফিরোজ জামান, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৮ লাখ টাকা ব্যয়ে এই কেন্দ্রীয় শহীদ মিনারটির নির্মাণকাজ বাস্তবায়ন করেছে মাদারীপুর জেলা পরিষদ। আর কাজটি সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এ.এম. এন্টারপ্রাইজ’।
উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, “পুরো বাংলাদেশকে ঢেলে সাজানোর দায়িত্ব নিয়েছে সরকার। সবার আগে বাংলাদেশ।” তিনি আরও বলেন, “আমাদের সেবাধর্মী প্রতিষ্ঠানগুলো—যেমন ডিসি অফিস, ইউএনও অফিস, ভূমি অফিস, তহশিল অফিস ও জেলা পরিষদসহ অন্যান্য অফিস থেকে জনগণ যেভাবে সেবা প্রত্যাশা করে, সেভাবে সেবা দেওয়া হচ্ছে কি না, তা আমরা নিয়মিত মনিটরিং করছি। সংসদ সদস্য মহোদয়কে সঙ্গে নিয়ে মাদারীপুরকে আরও উন্নত ও সমৃদ্ধ করা যায় কি না, সে বিষয়ে কাজ চলছে।”
সরকারি কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা অনিয়মের সাথে জড়িত হয়, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। আপনারা জানেন, এর আগে কয়েকজন কারাগারেও গেছেন। অতএব, কেউ সুনির্দিষ্ট অনিয়ম করে তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অবধারিত।”