👁 86 Views

ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী খুন, অভিযুক্ত আটক

মাকসুদুল হক, ঝিনাইদহ জেলা প্রতিনিধি– ঝিনাইদহ শহরের কাঞ্চননগর বাবুর আলীর মোড় এলাকায় প্রাক্তন স্বামীর ইটের আঘাতে সুমাইয়া খাতুন সুমা (২৬) নামে এক নারী খুন হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত প্রাক্তন স্বামী এনামুল হক মিরাজকে আটক করেছে পুলিশ।

নিহত সুমাইয়া খাতুন শহরের কাঞ্চননগর বাবুর আলীর মোড় এলাকার সেকেন্দার শেখের মেয়ে।

নিহতের ভাই রাতুল হোসেন জানান, প্রায় আট বছর আগে পারিবারিকভাবে সুমাইয়ার সঙ্গে এনামুল হক মিরাজের বিয়ে হয়। তাঁদের সংসারে ফারহান নামে ছয় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তবে চার বছর আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পরও মিরাজ মাঝেমধ্যে ওই এলাকায় যাতায়াত করতেন।

তিনি আরও জানান, বুধবার সকালে সুমাইয়া তাঁর ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির সামনে মিরাজের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মিরাজ ইট দিয়ে সুমাইয়ার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মিরাজকে আটক করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।