👁 393 Views

ঝিকরগাছায় কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে  সংবাদ সম্মেলন:

ইয়ানূর রহমান : যশোরের ঝিকরগাছায় জমি প্রতারণা, মিথ্যা সংবাদ প্রকাশ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন জমির প্রকৃত মালিকের পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জমির প্রকৃত মালিক মরহুম আলী হোসেনের দৌহিত্র (পুতাছেলে) মাজহারুল পারভেজ সাজ্জাদ। এ সময় উপস্থিত ছিলেন মরহুম আলী হোসেনের ছেলে মো. আলাউদ্দিন এবং তার মামা আবুল কালাম।

লিখিত বক্তব্যে মাজহারুল পারভেজ সাজ্জাদ অভিযোগ করেন, ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা কথিত সাংবাদিক নজরুল ইসলাম ও তার ভাই ইকবাল হোসেন সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে তাদের ৮ দশমিক ৪০ শতক জমি অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন। এ বিষয়ে প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা সংবাদ প্রকাশ এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি সংবাদ সম্মেলনে দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, জমি দখলে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকি দেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হলে পর দিন বিভিন্ন অনলাইন পত্রিকা ও বিভিন্ন ফেসবুক আইডির মাধ্যমে আলাউদ্দিন ও তার মামার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রচার করা হয়।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এরপরও অভিযুক্তরা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, জমি দখলের চেষ্টা এবং মিথ্যা তথ্য ছড়িয়ে হয়রানি অব্যাহত রেখেছেন বলে অভিযোগ করা হয়।

এ সময় বক্তারা প্রশাসনের কাছে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন, জমি প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মিথ্যা সংবাদ প্রচার বন্ধ এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *