
দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধি/স্টাফ রিপোর্টারঃ
তালোড়া উপজেলা বাস্তবায়নের দাবিতে গঠিত “তালোড়া উপজেলা বাস্তবায়ন কমিটি”র ১ম সাধারণ সভা আজ [০৪ মে ২০২৬ ইং] বিকাল ৫ ঘটিকায় তালোড়া বন্দর নগর কবিতা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
কমিটির আহ্বায়ক মোঃ মোনওয়ারুল করিম তালুকদারের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির যুগ্ম আহ্বায়ক মোমিন ইসলাম শাওন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন সেলিম। তিনি তালোড়াকে পৃথক উপজেলা ঘোষণার যৌক্তিকতা তুলে ধরে বলেন, “তালোড়ার ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, শিক্ষা-সাংস্কৃতিক ঐতিহ্য ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এটি উপজেলা হওয়ার সব শর্ত পূরণ করে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে তালোড়াকে উপজেলা ঘোষণা এখন সময়ের দাবি।”
সভায় আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোকলেছার রহমান। তিনি বলেন, “স্বাধীনতার ৫৫ বছর পরও তালোড়াবাসী তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই দাবি আদায়ে আমাদের ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে হবে।”
এছাড়াও সভায় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ দেন কমিটির সদস্য মোঃ আরাফাত হোসেন, মুন্নি রায় শান্তনা, দিনেশ চন্দ্র শীল, মোঃ আবু বক্কর সিদ্দিকী, মোঃ আব্দুল মজিদ হারুন, আহসান হাবিব, শামিমসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা আগামী দিনে দাবি আদায়ের লক্ষ্যে গণসংযোগ, স্মারকলিপি প্রদান, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এলাকার সকল শ্রেণি-পেশার মানুষকে এই আন্দোলনে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে আহ্বায়ক মোঃ মোনওয়ারুল করিম তালুকদার বলেন, “তালোড়া উপজেলা বাস্তবায়ন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দাবি নয়, এটি লাখো মানুষের প্রাণের দাবি। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”
সভায় কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।