👁 309 Views

মনোহরদীতে এ্যাবের উদ্যোগে ২ হাজার কৃষকের মাঝে বোরো ধান ও সরিষার বীজ বিতরণ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে কৃষকদে কৃষি উৎপাদনে উৎসাহিত করতে ২ হাজার কৃষকের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ করেছে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (৮ নভেম্বর) দিনব্যাপী দুই ধাপে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কৃষকদের মধ্যে এসব বীজ বিতরণ করা হয়। প্রথম ধাপে সকাল ১০টায় শুকুন্দী নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং দ্বিতীয় ধাপে দুপুর ২টায় বীরগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় উপজেলার মোট ২ হাজার কৃষকের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ করা হয়। কৃষকদের পাশে দাঁড়ানো, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং চাষাবাদে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্য সচিব ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল, সদস্য সচিব দীপক কুমার বর্মণ প্রিন্স, মনোহরদী উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুরুজ মিয়া, সদস্য সচিব রায়হান উদ্দিন বাচ্চু, মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন ভূইয়া উজ্জ্বল, মনোহরদী পৌরসভা কৃষকদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব ইমরান আহমেদ।
প্রথম ধাপের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুকুন্দী নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ.বি.এম. মাহমুদুর রহমান। দ্বিতীয় ধাপের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন (খসরু)। দুই ধাপের অনুষ্ঠান সঞ্চালনা করেন নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মহসিন কবির।
এছাড়াও অনুষ্ঠানে কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, কৃষকদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং কৃষি খাতে সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কৃষকদের হাতে বীজ পৌঁছে দেওয়ার মাধ্যমে বোরো ধান ও সরিষার উৎপাদন বৃদ্ধিতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।