👁 433 Views

মান্দায় বাছুরের খড় খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির; আহত স্ত্রী ও ভাই

 নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মান্দায় বাছুরের খড় খাওয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল শহিদুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তির। এ ঘটনায় আহত হন তাঁর স্ত্রী ও ভাই। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল জেলার মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর গ্রামের দারাজতুল্লার ছেলে।
এ ন্যাক্কারজনক হত্যার ঘটনায় ইদজান বেগম নামে এক প্রতিবেশী নারীকে আটক করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বাছুরের খড় খাওয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বিরোধ শুরু হয়। দুই পক্ষের মধ্যে চরম বাগ্বিতণ্ডার একপর্যায়ে হামলা ও সংঘর্ষের সূত্রপাত ঘটে। প্রতিবেশি ইদজান বেগম মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে শহিদুল ইসলাম ঘটনাস্থলেই নির্মমভাবে নিহত হন। তাঁকে রক্ষা করতে গিয়ে আহত হন তাঁর স্ত্রী সাথী বেগম ও ভাই সাইফুল ইসলাম। তাদেরকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় প্রধান হোতা ইদজান বেগম নামে একজনকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, লাশের ময়না তদন্ত করা হবে। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।