👁 423 Views

নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার  

নওগাঁ প্রতিনিধি:   নওগাঁয় ট্রাক থামিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রেজিষ্ট্রেশন বিহীন ১টি ট্রাক, ১টি পালসার মোটরসাইকেল, একটি ভ্যান, ৩টি শাবল, ২টি ধারালো হাসুয়া, ১টি হ্যাসকোব্লেড, ১টি সুতার তৈরি বেল্ট, ২টি বড় টর্চলাইট এবং ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আজ বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সদর মডেল থানা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে গতকাল সোমবার  দিবাগত রাত ৩ টার দিকে সদর উপজেলার সান্তাহার-নাটোর আঞ্চলিক সড়কের সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার সদর উপজেলার আবাদপুর গ্রামের খোরশেদ মন্ডলের ছেলে আজাহার আলী (৪৫), আক্কেলপুর উপজেলার মোহাম্মদপুর প্যারাহাটি গ্রামের জামাল মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (৪৪), সাইদুর রহমানের ছেলে সৈকত (৩০), নাসির উদ্দিনের ছেলে আবু হোসেন (৩৫), মৃত খোরশেদ মন্ডলের ছেলে মো: হাসান (৩০), বগুড়ার গাবতলি উপজেলার লাংলু দক্ষিণপাড়া গ্রামের আনারুল হকের ছেলে মো: রনি এবং একই গ্রামের মন্তেজারের ছেলে হামিদুল ইসলাম (৩২)
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সোমবার দিবাগত রাতে পুলিশের একটি টহলদল সান্তাহার ঢাকা মোড় এলাকায় ডিউটি করে। ওই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ১০-১২ জন সাহাপুর এলাকায় গরুর ট্রাকসহ অন্যান্য মালবাহী যানবাহন ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি সদর থানা ওসিকে জানায়। পরে থানা থেকে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ সদস্যরা তাদেরকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অন্ত্রসহ গ্রেপ্তার করে।
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃতরা বগুড়া, জয়পুরহাটসহ এই অঞ্চলে ডাকাতির সাথে জড়িত। এছাড়া তারা মাটির গভীরে বিটিসিএলের ইন্টারনেটের তার চুরির কাজে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সকলই নতুনভাবে ডাকাতির সাথে জড়িত বলে স্বীকার করেছে। জেলা পুলিশ সড়কে ডাকাতি রোধ এবং জানমালের নিরাপত্তা দিতে সবসময়ের জন্য তৎপর রয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মনিরুল ইসলাম, সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) প্রদীপ ব্যানার্জিসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *