
আশিকুর রহমান সবুজ,গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে দেড় শতাধিক অটোরিকশায় ছয় শতাধিক মানুষ অংশ নেন। নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি জনসচেতনতামূলক আয়োজনে রূপ নেয়।
‘নিরাপদ ও আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়ে মাদকের বিরুদ্ধে বরমীর জাগরণ’ স্লোগানে বিকেল ৩টার দিকে সাতখামাইর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। দেড় শতাধিক অটোরিকশার বহর নিয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি সাতখামাইর বাজারে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন বরমী ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাজমুল আকন্দ রনি। এ সময় অংশগ্রহণকারীরা ‘মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’, ‘সন্তানের হাতে বই চাই, মাদক নয়’ এবং ‘চাঁদাবাজি নয়, উন্নয়নের রাজনীতি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর পক্ষে সমর্থন চাওয়া হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নাজমুল আকন্দ রনি বলেন, গত ১০ বছর ধরে তিনি ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি নিজের ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন এবং অতীতেও মাদক, সন্ত্রাস ও দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। আগামী নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাসহ প্রয়োজনীয় অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, মাদক তরুণ প্রজন্মকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে; তাই সন্তানদের হাতে মাদকের পরিবর্তে বই তুলে দিতে হবে। একটি নিরাপদ ও আধুনিক ইউনিয়ন গড়তে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে রনির বাবা বলেন, গত ১০ বছর ধরে তাঁর ছেলে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছে। আগামী নির্বাচনে ছেলেকে চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়ে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
স্থানীয় বাসিন্দারা মনে করেন, মাদকের বিস্তার রোধে শুধু সভা-সমাবেশ কিংবা র্যালি যথেষ্ট নয়; এর জন্য ধারাবাহিক সামাজিক আন্দোলন, কার্যকর প্রশাসনিক উদ্যোগ এবং তরুণদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি জরুরি। নির্বাচনী প্রতিশ্রুতির পাশাপাশি বাস্তব উদ্যোগের মাধ্যমে বরমী ইউনিয়নকে মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।