👁 204 Views

শ্রীপুরে মোবাইল ব্যাংকিংয়ের গাড়িতে হামলা, গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই

‎আশিকুর রহমান সবুজ,​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: ‎গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটর ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড’-এর প্রাইভেটকারে হামলা চালিয়ে প্রায় তিন কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা গুলিবিদ্ধসহ অন্তত ৩ জন আহত হয়েছেন।
‎
‎​শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
‎​
‎পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি মাওনা চৌরাস্তা এলাকায় তাদের মোবাইল ব্যাংকিং সেবা পরিচালনা করে থাকে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকা এবং তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতনের চাহিদা মেটাতে নগদ টাকার সংকট দেখা দেয়। সংকট সামলাতে নিয়ম অনুযায়ী ব্যালেন্স সমন্বয় করে নরসিংদীর এক এজেন্টের কাছ থেকে একটি প্রাইভেটকারে করে চার কোটি টাকা শ্রীপুরে আনা হচ্ছিল।
‎
‎​টাকাবাহী প্রাইভেটকারটি শ্রীপুর-গোসিঙ্গা সড়কের কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০-১২টি মোটরসাইকেলে আসা সশস্ত্র দুর্বৃত্তরা গাড়িটির গতিপথ রোধ করে। হামলাকারীরা চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে এবং রিভলভার উঁচিয়ে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা অ্যাকাউন্টস ম্যানেজারকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং গাড়িতে থাকা চার কোটি টাকার মধ্যে তিনটি প্লাস্টিকের বস্তা ভর্তি নগদ প্রায় তিন কোটি টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।
‎​
‎ঘটনায় গুলিবিদ্ধ হন প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল। তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ছাড়া হামলায় প্রাইভেটকারের চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হয়েছেন।
‎​
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়েই পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে। আহতদের বক্তব্য ও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।