👁 436 Views

শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে কভার্ড ভ্যানের ধাক্কায় চালকের সহকারী নিহত

শার্শা ( যশোর) প্রতিনিধি- শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে কভার্ড ভ্যানের ধাক্কায় আরিফ হোসেন (৩০) নামে চালকের এক সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে নাভারন-সাতক্ষীরা আঞ্চলিক সড়কের খাজুরা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন বগুড়া জেলার শেরপুর উপজেলার বাসিন্দা।
নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, কভার্ড ভ্যানটি সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা নিয়ে যশোরের দিকে যাচ্ছিল। পথে খাজুরা মসজিদের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় কভার্ড ভ্যানটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনায় চালকের সহকারী আরিফ হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার পর কভার্ড ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে নাভারন হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত কভার্ড ভ্যানটি জব্দ করে। পালিয়ে যাওয়া চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।