
ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) জেলা পরিষদ সম্মেলনকক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন ও বিআরটিএ জেলা সার্কেলের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে জেলার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে ১ কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, আজকের এই অনুষ্ঠান মানবিক হলেও তা আনন্দময় নয়। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণের মধ্য দিয়ে আংশিক ক্ষতিপূরণের চেষ্টা করা হলেও, তাদের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। সারাবিশ্বে সড়ক দুর্ঘটনা ঘটলেও বাংলাদেশে এই হার অত্যন্ত বেশি, যা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হচ্ছে।
প্রধান অতিথি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবাইকেই সচেতন হতে হবে। দুর্ঘটনা রোধে ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে, কিন্তু জনগণের সচেতনতাও জরুরি। রাস্তা পারাপারে সাবধান হতে হবে, ফুটপাত ও মহাসড়কে দোকান নির্মাণ করা যাবে না। শিক্ষার্থীদের সড়ক আইন সম্পর্কে জানাতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। তবে সড়ক সচেতনতায় প্রাপ্তবয়স্করাও পিছিয়ে আছে। যানবাহন চালকদের সড়কে যান চলাচলের ক্ষেত্রে সচেতন হতে হবে, সিগন্যাল মানতে হবে। মোবাইল চালাতে চালাতে যান চলাচল অথবা সড়ক, মহাসড়ক পার হওয়া যাবে না।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সড়ক পরিবহন শ্রমিক-মালিক, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্বে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে প্রধান অতিথি ক্ষতিপূরণ চেক তুলে দেন।