
মাকসুদুল হক, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: সোমবার ৫ অক্টোবর দেশের ঐতিহ্যবাহী রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতারের প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় বার্তা সংস্থায় নতুন সংবাদ উপস্থাপক হিসেবে যুক্ত হয়েছেন সাংবাদিক আল ইমরান। সম্প্রতি কণ্ঠস্বর পরীক্ষাসহ চূড়ান্ত নির্বাচনী প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করে তিনি ‘গ’ শ্রেণির সংবাদ পাঠক হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। আল ইমরান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সন্তান।
রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশের কোটি কোটি শ্রোতার কাছে সংবাদ পরিবেশনের সুযোগ পাওয়াকে নিজের পেশাগত জীবনের অন্যতম বড় অর্জন হিসেবে দেখছেন আল ইমরান। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “বাংলাদেশ বেতারের মতো ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে যুক্ত হওয়া অত্যন্ত গৌরবের। তথ্যের বস্তুনিষ্ঠতা বজায় রেখে এবং বেতারের সুনাম ধারণ করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের সর্বাত্মক চেষ্টা করব।”
দীর্ঘদিন ধরে মূলধারার গণমাধ্যমে কাজ করছেন সাংবাদিক আল ইমরান। বর্তমানে তিনি দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার ডিজিটাল ও অনলাইন বিভাগের নিউ মিডিয়া এডিটর ও ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে দেশের বেশ কয়েকটি জাতীয় দৈনিক ও টেলিভিশনে কাজ করেছেন তিনি।
বাংলাদেশে মাল্টিমিডিয়া ও মোবাইল জার্নালিজম (মোজো) চর্চার শুরুর দিকেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। চব্বিশের গণঅভ্যুত্থানের সময় সাহসী ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তিনি ‘জুলাই বার্তাবীর সম্মাননা’ লাভ করেন।
শিক্ষাজীবনে প্রাণীবিদ্যায় স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করার পাশাপাশি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) থেকে গণমাধ্যম ও সাংবাদিকতায় দুই বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন আল ইমরান।
পেশাগত দায়িত্বের পাশাপাশি সাংবাদিকতা প্রশিক্ষণেও যুক্ত রয়েছেন তিনি। ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া’ (বিজেম)-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিকতার প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।